সারাদেশের ৪ হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ করতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমাদের বর্তমান সরকারের যে লক্ষ্য রয়েছে, আমরা খেলাধুলাকে পেশাদারত্বের জায়গায় নিশ্চিত করতে কাজ শুরু করেছি। নতুন করে খেলাধুলা শুরুর মাধ্যমে আমরা খেলোয়াড়দের বের করে আনছি। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, বাংলাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন।

এরসঙ্গে মন্ত্রী প্রতিমন্ত্রীসহ সবাই কাজ করছেন। এ ছাড়া আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোকে আমরা আধুনিকায়ন করে খেলার উপযোগী করে দিতে চাই। সেখান থেকে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাজীপাড়া এলাকায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এরআগে বায়োগ্যাস উদ্বোধন করে ৫ জন উদ্যোক্তাকে ঋণ প্রদান করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই লক্ষ্য নিয়ে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেশ কিছু কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিল্যান্সিং। এআই প্রযুক্তির মাধ্যমে কীভাবে দক্ষতা উন্নয়ন করা যায়, সেটিও রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যে প্রশিক্ষণ দেব, সেটি যাতে উন্নতমানের হয়, যাতে করে তারা বিদেশেও কাজ করতে পারেন। পাশাপাশি আপনারা জানেন, আজকে আমি সেখানে দাঁড়িয়ে আছি। বর্তমান বিশ্বে ও বাংলাদেশে যে জ্বালানি সংকট, সেটি কাটিয়ে ওঠার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী মনে করেন, আমরা যদি প্রতিটি ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে পারি, গরুর খামার রয়েছে এমন জায়গায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে পারি, তাহলে বাংলাদেশে জ্বালানি সংকট অনেকটাই কাটিয়ে উঠতে পারব।

তিনি বলেন, তরুণরাও বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি বায়োগ্যাস সংযোগ দিয়ে তারা অর্থ উপার্জন করতে পারেন। আমরা আশা করি, আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।

এসময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমাসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো