মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন তালুকদার ও মিরাজুল ইসলাম খসরু।

আলোচনা সভায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আঃ আলিম, ফজলুল হক খোকন, আক্তারুজ্জামান ও বাবুল হোসেন। বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক কার্যক্রমের প্রসার এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে ঋণ আদায় কার্যক্রম জোরদার, প্রকৃত সমবায়ীদের তালিকা প্রণয়ন ও হালনাগাদ, অনুষ্ঠানে সমবায়ীদের উপস্থিতি নিশ্চিত করা এবং সমবায়ীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হলে সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সমবায়ী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সমবায়ীরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

আরো