রূপান্তর-নেতৃত্বের চ্যালেঞ্জ
শওকত মাহমুদ
সম্প্রতি তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং নানা সরকার প্রধানের সঙ্গে বৈঠকগুলোকে সফল হিসেবে বর্ণনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিদেশি নেতৃবৃন্দ তারেক রহমানের রূপান্তরমূলক নেতৃত্বের প্রশংসা করেছেন। রূপান্তরমূলক বা reform অথবা transforming leadership কথাটা বোধ হয় সরকারি তরফে এই প্রথম উচ্চারিত হল।
এর বেশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিছু বলেননি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বা নিজ খরচে যাওয়া সাংবাদিকরাও এ নিয়ে কিছু জিজ্ঞেস করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়াত মার্কিন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ এ ড্রিম’ উক্তিটি উদ্ধৃত করে দেশে ফিরে প্রথম বক্তৃতায় বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। এই প্ল্যান এখনও পর্যন্ত খুলে খুলে বলা হয়নি। অবশ্য নতুন সরকারের কিছু কর্মসূচীতে এর আংশিক প্রতিফলন দেখা যাচ্ছে। এ সব কারণেই বিদেশি নেতারা তারেক রহমানের সংস্কার-নেতৃত্বের প্রশংসা করেছেন সম্ভবত।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী জেমস ম্যাকগ্রেগর বার্নস ‘লিডারশীপ’ নামে একটি অবশ্য’- পাঠ্য বই লিখেছেন। প্রকাশকাল ১৯৭৮। তাতে বিভিন্ন দেশের নেতাদের কর্মযজ্ঞকে নানা ভাগে বিশ্লেষণ করেছেন। বাংলাদেশের মশহুর পার্লামেন্টারিয়ান বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে এ বইটি পড়তে দিয়েছিলেন। তাঁর কাছে পশ্চিমা বিশ্বসহ উপমহাদেশের রাজনৈতিক গ্রন্থাবলীর এক আকর্ষণীয় ভাণ্ডার ছিল। জেমস বার্নসের এই বইটি পড়ে আমি এমন মুগ্ধ হই যে, ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুলে ফেলোশীপ কোর্সে পড়তে গিয়ে ওই অধ্যাপক – লেখকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বিশ্বের বিভিন্ন নেতা গুণাবলী, কীর্তি ও সমকালীনতাকে নানা ভাগে বিন্যস্তপূর্বক একটা বিশ্লেষণের কাঠামোতে দাঁড় করিয়েছিলেন। তাঁর মতে নেতৃত্ব হচ্ছে: ১. বুদ্ধিবৃত্তিক বা intellectual leadership ২. সংস্কার বা transforming Leadership ৩. বিপ্লবী নেতৃত্ব ৪. বীরোচিত নেতৃত্ব ৫. জনমত নেতৃত্ব ৬. দলীয় নেতৃত্ব ৭. সংসদীয় নেতৃত্ব ৮. নির্বাহী নেতৃত্ব ৯. নৈতিক নেতৃত্ব ১০. transactional বা বিনিময় নেতৃত্ব। তাঁর মতে, বিপ্লবী নেতৃত্বের কাছে প্রত্যাশা হল অঙ্গীকার, সাহস, ধৈর্য এবং ত্যাগের মহিমা। বাস্তববাদী বিনিময় নেতৃত্বের প্রয়োজন হচ্ছে তীক্ষ্মভাবে সুযোগের অন্বেষণ, দক্ষ দরকষাকষি, প্রতিপক্ষকে দেয়া-নেয়ার মধ্য দিয়ে প্রভাবিত করা। সংস্কার-মনা নেতৃত্বের এসব প্রয়োজন হতে পারে তবে তার করণীয় আরও অনেক বেশি। পরিবর্তন বিরোধী রাজনৈতিক সমাজ এমনকি নিজ দলের ভেতরেও, তারপর বেসামরিক ও সামরিক আমলাতন্ত্র ও বিদ্যমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো এবং নেপথ্যের ডীপ স্টেটগুলোকে সংস্কারের পক্ষে নিয়ে আসা দুরূহ কাজ।
জেমস বার্নসের মতে, reform leadership by definition usually implies moral leadership and this imposes a moral burden. It means that reformers must not follow improper’means in trying to achieve moral grounds’ এই রাষ্ট্র বিজ্ঞানীর মৌলিক উপলব্ধি হল true politics is simply morals applied to public affairs’.
জনমিতিক ক্রান্তির চ্যালেঞ্জ
এই জায়গা থেকে যদি তারেক রহমানের সরকারের নয় মাসের কার্যক্রম পর্যালোচনা করা যায়, দেখা যাবে প্রতিটি কর্মে ‘মানবিকতার সংযুক্তি’, ইনসাফ বঞ্চিত মানুষদের জন্য অকৃপণ কর্মসূচি, শিশু ও তরুণদের সঙ্গে অধিকতর সংযোগ , নিপীড়নমুক্ত সমাজ এবং মতপ্রকাশের অধিকার সমৃদ্ধ নাগরিক পরিসর গড়ে তোলার প্রত্যয়, পরিচ্ছন্নতার প্রতি তাগিদ সনাতন সমাজ কাঠামো সংস্কারের ইশারা বহন করে। কার্ড সিস্টেমকেও এ বন্ধনীতে আনা যায়। জাতীয় স্বনির্ভরতার অর্জনে প্রথমই গঙ্গা তথা পদ্মা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত , পররাষ্ট্রনীতিকে অ-নতজানু করার ঘোষণা পরিবর্তনের আলামত। কিন্তু তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তথা জনমিতিক ক্রান্তির সুফল আনা। সাবেক প্রধানমন্ত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালের ১০ মে ‘রূপকল্প ২০৩০’ উপস্থাপনকালে বলেছিলেন, “জনমিতিকভাবে বাংলাদেশ এক ক্রান্তিকালে রয়েছে। বর্তমানে বাংলাদেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা মোট জনসংখ্যার ৬৩ দশমিক ২৫ শতাংশ। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এর বিশাল তাৎপর্য রয়েছে। এ ধরনের সুযোগ একটি জাতির জীবনে একবারই ঘটে “কর্মক্ষম বেকারদের মাত্র ২০ শতাংশ চাকরি পায়। আনুষ্ঠানিক শিক্ষার কাঠামোতে বেশির ভাগ শিশু-কিশোর-তরুণ ঢুকছে না আর যারা এসএসসি, এইচএসসি পরীক্ষা পর্যন্ত যায়, অর্ধেকই ফেল করে। গত ৬ নভেম্বর দৈনিক ‘প্রথম আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী ক্রোড়পত্রের ‘উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব’ শীর্ষক নিবন্ধে বলা হয়, আগামী ২০৩৬ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি। ১৫-৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা পৌছে যাবে চূড়ান্ত পর্যায়ে। তখন জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ অর্থাৎ সাড়ে ১১ কোটি মানুষ কর্মক্ষম বয়সের অন্তর্ভুক্ত হবে। ফলে জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগের সদ্ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৃহৎ কর্মক্ষম ও যুব জনসংখ্যাকে দক্ষ মানব
সম্পদে রূপান্তর করে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিতে পরিণত করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তবে এ ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। সুশিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে যথাযথ বিনিয়োগ না হলে এই সম্ভাবনা জনমিতিক বোঝায় পরিণত হতে পারে।
উল্লেখ্য, কয়েকদিন আগে ব্রিটেনে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, সে দেশে শিক্ষা -কর্মসংস্থান- প্রশিক্ষণ বঞ্চিত বেকার তরুণ- তরুণীর সংখ্যা ১০ লাখেরও বেশি ছাড়িয়ে গেছে। এরা অর্থনৈতিক তৎপরতায় নিষ্ক্রিয়। এদের ভাতার পেছনে বছরে ১২৫ বিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে যা বার্ষিক শিক্ষা বাজেটের চেয়েও বেশি।
সংসদীয় নেতৃত্বের পরীক্ষা
দ্বিতীয় চ্যালেঞ্জ হল, জাতীয় রাজনীতিকে সুস্থির, প্রকৃত গণতন্ত্রভিত্তিক করা। চব্বিশের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিদায়ের পর যে জাতীয় ঐক্যের সম্ভাবনা ছিল, তা এখন কুয়াশাচ্ছন্ন । নাশকতামুখী ‘ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, খুন-খারাপি, শ্রমিক অসন্তোষ তৈরির পাঁয়তারা বিরুদ্ধে বিএনপি-জামায়াত, এনসিপিসহ সবাই একমত। আওয়ামী লীগ গৃহযুদ্ধ বাঁধাতে চাই ছে।কিন্তু নাশকতা দমনের দায়টা শুধু সরকারের। সরকার ও পুলিশ যথেষ্ট কারণ ধৈর্য দেখাচ্ছে। তবে নাশকতা দমনে ব্যর্থ হলে ঐক্য আর থাকবে না বলে হুশিয়ারি জারি আছে। গণ-অভ্যুত্থান বা ফেব্রুয়ারির নির্বাচনের পর জাতীয় ঐকমত্য বা গাঁট বন্ধনের সরকারের অনুপস্থিতিতে ফ্যাসিবাদীরা পরিসর পেয়েছে – এমন আলোচনাও আছে। বিএনপি সরকারকে এখন ত্রিমুখী বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে। তিনটি ফ্রন্ট ১. গুপ্ত আওয়ামী লীগের নাশকতা ২. জামায়াতে ইলামীর সংসদীয় বিরোধিতা ৩. এনসিপি’র রাজপথে নামার হুমকি। সংসদে গণভোট সমর্থিত জুলাই সনদ অনুমোদনের চাপ এবং বিএনপি’র জুলাই সনদে নোট অব ডিসেন্টগুলো মাথায় রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ একটা অচলাবস্থা তৈরি করতে পারে। দ্বিমত হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে। তবে আশার কথা গত বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়চেতা বক্তব্য এবং বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমানের সুন্দর বক্তব্যর অভিন্নতা ঐক্যের পথে এক ধাপ অগ্রগতি। সেদিনই দুই নেতার বৈঠক আওয়ামী সহিংসতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের নামে বিএনপিকে সংবিধানের বাইরে আনার চেষ্টায় বিএনপি সায় দেয়নি। কারণ ১৯৯৩-৯৫ সালে আওয়ামী লীগও জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বেগম খালেদা জিয়াকে সংবিধানের বাইরে আনার যে চেষ্টা করেছিল তাতে বিএনপি রাজী হলে এক সময় ইতিহাসই বলত, বিএনপি সংবিধান লংঘন করেছে। এর বিপরীতে বেগম জিয়া শুধুমাত্র সংবিধান সংশোধনের জন্য ‘৯৬’র ফেব্রুয়ারি ভোট করেন এবং তত্ত্বাবধায়ক সরকার করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে সংবিধানকে রক্ষা করেন। আওয়ামীলীগ ও জামায়াতে ইসলামী সংসদ থেকে আগে পদত্যাগ করে সংবিধান কে সংশোধন করার পথ বন্ধ করে দিয়েছিল। বিএনপিও জুলাই অভ্যুত্থানকে ধারণ করে কিন্তু পরে ড. ইউনূসের ‘এনসিপি-জামাত’ প্রভাবিত সরকারের সংবিধান সংস্কারের প্রশ্নবিদ্ধ রূপরেখা এবং সংসদ নির্বাচনের আগে তার ওপর গণভোটের আয়োজনের চেষ্টা বিএনপি কে সন্ধিগ্ধ করে তোলে। তার ওপর জুলাই সনদের মধ্যে স্বাক্ষরপূর্ব কিছু জালিয়াতিও ঘটে। মূলত: বিএনপি পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে এবং তার পায়ে যথাসম্ভব বেড়ী লাগিয়ে দেয়া হচ্ছে এটা ছিল বিএনপি’র উপলব্ধি। তবে এ সত্য মানতে হবে, বেগম খালেদা জিয়া ২০৩০ রূপকল্পে বলেছিলেন, প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। এই অবস্থার অবসানকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে।
জনগণ চায় সংবিধানের কাঠামোর মধ্যে হোক পরিবর্তন। আমাদের জন্য জাতীয় লজ্জার বিষয় হল, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে শেখ মুজিবকে জাতির পিতা বানানোর সংবিধানের অধীনে জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচন হয়েছে। কথিত জাতির জনক কে সমালোচনার শাস্তি হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ ও তাঁর রাসুলের সমালোচনার শাস্তির চাইতে বেশি। বিরোধীদলকে সংবিধান সংশোধনের কমিটিতে আনার বর্তমান সরকারি চেষ্টায় আন্তরিক হতে হবে। পাশাপাশি সংবিধান সংশোধনের প্রক্রিয়া সময় নিয়ে একাধিক বিল প্রণয়ন করা যায়। প্রথমে ঐকমত্য সম্মিলিত সনদগুলো অগ্রাধিকার পেতে পারে।
একই সঙ্গে জামায়াতে ইসলামীকে বুঝতে হবে, সংবিধানের সংশোধনের এই প্রক্রিয়া থেকে দূরে থাকলে একদিন ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। উল্লেখ্য, ১৯৯১ সালের পর যখন সংসদীয় পদ্ধতির সরকার হল, তখনকার বিরোধী দল সংবিধান সংশোধনের জন্য পৃথক একটি বেসরকারি বিল সংসদে উত্থাপন করেছিল।
নয় মাসের সরকারকে রূপান্তর প্রকল্প থেকে সরিয়ে নিতে ষড়যন্ত্রের অভাব হবে না। আবার প্রশাসনের সর্বত্র আওয়ামী, জামাত খোঁজা, এর ফাঁকে কতক প্রভাবশালীর উৎকোচের বিনিময়ে ওদেরকেই পদায়ন করা, নানা স্তরে প্রভাব কেন্দ্রের তৎপরতা-এসব নিয়ে বিভিন্ন গল্প জমা হচ্ছে। শুভাকাঙ্খীরা এতে বিব্রত। তদুপরি দলের দ্বিতীয় ও পরবর্তী স্তরগুলোতে মূল্যায়ন না পাওয়ার হতাশা মোকাবিলাও সরকারের জন্য চ্যালেঞ্জ।
সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা পুনঃ পুনঃ উল্লেখ করেছেন, গ্যাস- বিদ্যুৎ এর সমস্যা, শিল্প ও ব্যাংকখাত তথা অর্থনীতি পুনরুজ্জীবনে (জিডিপির প্রবৃদ্ধি ৩ শতাংশের নীচে নামবে বলে আইএমএফ ও বিশ্বব্যাংকের পূর্বাভাস) উচ্চ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রন,এবং বেকারত্ব মোচনে কমপক্ষে দুই বছর সময় লাগবে। প্রশ্ন হল, সরকারকে কি বিরোধী দল ওই সময় দেবে?
নৈতিক নেতৃত্বে ইসলামের স্থান
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় আর যাই থাকুক না কেন, তাতে ইসলামের অবস্থান কী তা জানতে উৎসুক ধর্মপ্রাণ মানুষের সমাজ। ‘জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নৈতিকতা সংযুক্ত করাই প্রকৃত রাজনীতি’- জেমস বার্নসের ওই উক্তির প্রেক্ষাপট বহু বিস্তৃত। নৈতিকতার মূলভিত্তি হল ধর্ম তথা আল্লাহ’র মনোনীত একমাত্র দ্বীন ইসলাম। মহান মাবুদের নির্দেশনা হচ্ছে ‘শাসন ব্যবস্থা সম্পাদিত’ হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে (সুরা শুরা), জাতীয় ঐক্যমত্যের প্রতিষ্ঠা করতে হবে- ‘নিশ্চয়ই মুসলমান ভাই ভাই’ (সুরা হুজুরাত), শাসকবর্গকে নীতিবান এবং ইলম ও আমলের দ্বারা গুণান্বিত হওয়া জরুরি- ‘আমার শাসন ক্ষমতা জালিমদের ভাগ্যে জুটবে না’ (সুরা বাকারা), ন্যায় ও ইনসাফের চাহিদা পূরণ করতে সব ধরনের প্রভাব মুক্ত থাকবে ‘ইনসাফের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও। যদিও তার নিজের সত্তা অথবা মাতা-পিতা এবং অন্যান্য আত্মীয় সবজনের বিরুদ্ধে হয়’ (সুরা নিসা)। – ভুললে ও চলবে না।
বর্তমান বিশ্বে অন্যতম শীর্ষ ইসলামী মনীষি পাকিস্তানের মুফতী মোহাম্মদ তাকী ‘উসমানী তাঁর ইসলাম’ ও আধুনিক রাজনীতি’ গ্রন্থে পর্যবেক্ষণ দিয়েছেন, যেহেতু ইসলামের শিক্ষা মানব সমাজের সর্বস্তরের ও সর্বক্ষেত্রের জন্য সমান, তাই রাজনীতিও তার অন্তর্ভুক্ত। ইসলামের দৃষ্টিতে রাজনীতিকে দ্বীন থেকে সরিয়ে রাখার অবকাশ নেই। কবি আল্লামা ইকবাল বলেছেন, “দ্বীন ছাড়া রাজনীতি বেশ; চেঙ্গিস খানের মন্ত্র বটে”। সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের বিষয়ে উলামায়ে কিরামের বক্তব্য সরকার বিবেচনায় নেবে বলে অনেকে আশা করেন। অক্টোবরে দূর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ঐতিহাসিক ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে। যেন মদিনা সদনের প্রতিফলন। তবে কোন কোন সরকারি কর্তার পূজা সম্পর্কিত বক্তব্য আলেম সমাজকে আহত করেছে। বাংলাদেশের একজন অগ্রগণ্য আলেম অক্টোবর মাসে লেখা এক কবিতায় বলেছেন, ” তুমি আল্লাহ, তুমি মা’বুদ,তুমি উপাস্য। তুমি ভিন্ আর নাহি সত্য কোন উপাস্য। মূর্তি কিংবা দেব-দেবীদের করে যে সম্মান। থাকে না সে কোনোদিন ও আর তো মুসলমান। ” আরেক কবিতায় বলেছেন –
কোরআনে কোথায় আছে দূর্গাপূজার কথা। আইন করবো না দ্বীন বিরোধী কই গেলো সে বার্তা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কত্বকে চিহ্নিত করা যায় বিপ্লবী নির্বাহী সংস্কার মূলক (সাংগঠনিক ও রাজনৈতিক) ও বীরোচিত নেতৃত্বের আলোকে। তাঁর দুর্দান্ত রূপান্তরমূলক কর্মকাণ্ড রাষ্ট্রকে নতুন পথে অভিষিক্ত করেছিল। তাঁর নৈতিক নেতৃত্বের প্রমাণ হচ্ছে সংবিধানের মূলনীতিতে আল্লাহ’র প্রতি অবিচল আস্থা এবং স্বাধীনতার ঘোষণায় বর্ণিত সামাজিক ন্যায়- বিচারকে অন্তর্ভুক্ত করা। ‘৭৫র ৭ নভেম্বর যে জাতীয় বিপ্লব সংঘটিত হয়, সেই চেতনার অনুসরণে জিয়া জাতি গঠনসহ রাষ্ট্রকে সাজিয়েছিলেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধ! জেতা জেনারেল দ্য গল ফ্রান্সে নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সংবিধানে আনলেন জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা। তাঁর সাফল্যের পেছনে ছিল নির্বাহী নেতৃত্ব। হয়তো একদিন আবার দেখবো রাষ্ট্রপতি – পদ্ধতিতে বহুদলীয় গণতন্ত্র। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নব্বই এর গন-অভ্যুত্থানের চেতনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন। তাঁর নৈতিক ও আপসহীন নেতৃত্ব, সাংগঠনিক ও সংসদীয় ব্যবস্থার সংস্কার নেতৃত্ব, অর্থনীতিকে বাজারমুখী, করা,নারীশিক্ষার যুগান্তকারী বিস্তৃতি তাঁকে রূপান্তর মূলক নেতৃত্বের অভিধা এনে দিয়েছিল।
জনার তারেক রহমানের পারিবারিক ও রাজনৈতিক উত্তরাধিকার, দলীয় দায়িত্ব পালন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল ভূমিকা সর্বোপরি এক -তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতায় বিএনপিকে বিজয়ী করার ঘটনাবলী জনগণের চোখের সামনে ঘটেছে, তাঁর দলীয় এবং বীরোচিত নেতৃত্ব পরীক্ষিত ।এখন তাঁর সামনে নির্বাহী ও রূপান্তর মূলক নেতৃত্বের পরীক্ষা। তাঁর চ্যালেঞ্জ হল নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ, নৈতিকতার পুনরুদ্ধার, ক্রান্তিকালীন জনমিতিক সাফল্য অর্জনে সুশিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা, কর্ম-সংস্থান মুখী, উৎপাদন ভিত্তিক অর্থনীতি দাঁড় করানো, বৈষম্য কমানোর পরিসর সৃষ্টি করা। তিনি হাঁটছেন নির্বাহী, নৈতিক, সংসদীয়, এবং পরিবর্তনের নেতৃত্বের পথে।
লেখক – সাবেক সভাপতি জাতীয় জাতীয় প্রেস ক্লাব সম্পাদক, উইকলি ইকোনমিক টাইমস