বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাগেরহাটে দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচ ও রূপান্তরের সহযোগিতায় বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অলিম্পিয়াডে জেলার ২টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসাসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ক ৩০ মিনিটব্যাপী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রথম থেকে অষ্টম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন আল জাবিদ পলক (বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় স্থান অর্জন করেন সৃজনী হালদার সিথি (বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয় স্থান অর্জন করেন আজরিন কারীন (বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)। এছাড়া আরও পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আকতার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচ-এর প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহাবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম সমাদ্দার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচ (BHW) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শিল্পী আক্তার। আলোচনায় অংশ নেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি মোসা. ফারহানা আক্তার, মো. ইয়ামিন আলী এবং জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মো. নাইমুর রহমান।

এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করলে অতিথিবৃন্দ তাৎপর্যপূর্ণ উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো