বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ইউনিয়ন পরিষদের হলরুমে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং উদয়ন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহযোগী সংস্থা হিসেবে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাবনার মধ্যে দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম জোরদার করতে বাজেট বরাদ্দ রাখা এবং ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য পৃথক বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়।
কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য দেন বাগেরহাট উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা, কার্যনির্বাহী সম্পাদক সেলিনা বেগম ও শারমিন খাতুন, ইউপি সদস্য শেখ ইমরুল হোসেন, শেখ আব্দুল আলিম, ইউপি সদস্যা আবেদা সুলতানা ও মমতা সেনসহ স্থানীয় প্রতিনিধিরা। বক্তারা কাড়াপাড়া ইউনিয়নের উন্নয়নকে আরও জনমুখী, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক করতে আগামী অর্থবছরের বাজেটে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
