মোরেলগঞ্জের বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ
এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ(বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, ঝরে পড়া রোধ, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জজ কোর্টের দুদক পিপি, সেলিমাবাদ থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান তালুকদার, দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযূষ কান্তি, দৈবজ্ঞহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান গাজী, দৈবজ্ঞহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খান ফেরদাউসুর রহমান, পুটিখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন সোহাগ, ছাত্রদল নেতা সাইদুর রহমান তুষারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন শিক্ষক ও অভিভাবকরা।
আলোচনায় বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী কি না, কার সঙ্গে মিশছে এবং তার আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখা প্রয়োজন।
তারা আরও বলেন, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও পরীক্ষার ফলাফল আরও ভালো করার বিষয়ে অভিভাবকরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা ও নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
