বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে দুটি হরিণ, নিরাপদে করমজলে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার গভীর অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নেয় দুটি প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল প্রায় ১০টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় হরিণ দুটিকে দেখতে পান স্থানীয়রা।
পরে দ্রুত বন বিভাগকে খবর দিলে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বন রক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করেন। এরপর দুপুরে সেগুলোকে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের সুরক্ষিত অরণ্যে অবমুক্ত করা হয়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন ,বনের গভীর অঞ্চল থেকে বাঘের তাড়া খেয়ে হরিণ দুটি প্রাণ বাঁচাতে নদী পাড়ি দিয়ে লোকালয়ে চলে আসে। বন বিভাগের তৎপরতায় দ্রুত উদ্ধার হওয়ায় হরিণ দুটি নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারবে ।
