ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত: গলায় মাংস আটকে মৃত দুই
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার খেতে বসে গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছে আঁখি (১১) নামের এক মাদ্রাসা ছাত্রী।
একই ঘটনা ঘটে জামালপুরের ইসলামপুরে পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে, সে স্থানীয় বটচর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।