মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দল-যুবদলের পৃথক মিছিল
এইচ. এম. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট):পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও যুবদল।
রোববার সকালে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর একদিন আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে একই দাবিতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল ও যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগের নেতৃত্বে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে হবে। রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির কর্মকাণ্ড পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
পৃথক কর্মসূচিতে বিএনপি, শ্রমিক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
