বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় মহিলা পরিষদের কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃৃষি খাতে নারীদের অংশগ্রহণ” শীর্ষক এক কর্মশালা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার(১৪ অক্টোবর) রামপাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপি এই কর্মশালায় কৃষি ও অকৃষি খাতে সম্পৃক্ত স্থানীয় নারীরা অংশ নেন। উপকূলীয় এলাকার নারীদের জলবায়ু ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান করতে, কৃষি ও অকৃষি খাতে নারীদের বিকল্প জীবিকার সুযোগ বাড়াতে, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে, নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি হতে উৎসাহিত করতে এবং সরকারী ও স্থানীয় সহায়তা, বিনিযোগ ও বাজার সংযোগ বিষয়ে সচেতন করে তুলতে মহিলা পরিষদ ব্যতিক্রমি এই কর্মশালাটি আয়োজন করে।
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি পিয়ারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। কর্মশালার উদ্দেশ্য আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন।
প্রধান অতিথ তাঁর বক্তৃতায় বলেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলা একটি উপকূলীয় নদী ভাঙ্গন অঞ্চল হওয়ায় এখানকার কৃষিতে প্রধান চ্যালেঞ্জ হলো মাটির লবণাক্ততা এবং জোয়ার-ভাটার প্রভাব। তাই এই এলাকায় সফল কৃষিকাজের জন্য প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক, জলবায়ু-সহনশীল এবং সমন্বিত কৃষি প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন।
নারীরা কৃষি প্রযুক্তির সাথে অতীতেও জড়িত ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন প্রয়োজন কৃষি ও অকৃষিখাতে প্রযুক্তি ব্যাবহারের দক্ষতা বৃদ্ধি ও সময়োপযোগি করা । রামপাল উপজেলার নারী ও পুরুষ কৃষকরা সমন্বিতভাবে রামপাল উপজেলাকে কৃষি ও মৎস সম্পদে সমৃদ্ধ করতে পারে।
কর্মশালায় সহায়ক হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো: ইনসাদ ইবনে আমিন (তুহিন), উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায়। রামপাল থানা ওসি তদন্ত সুব্রত বিশ্বাস। নিজ নিজ ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন স্থানীয় কৃষক ঝর্না মুখার্জী, কাঁকড়া চাষী সুষমা বিশ্বাস ও মৎস্য আহরোণকারী সন্ধ্যা রাণী ঘরামী।
কর্মশালার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা ছয়টি দলে গ্রুপ ওয়ার্কে অংশ নেন। গ্রুপ ওয়ার্কের ইস্যুগুলো ছিলো স্থানীয় পরিস্থিতির আলোকে কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের আগ্রহের বিষয় ও সহযোগিতার সুযোগ চিহ্নতকরণ, নারীদের জন্য ব্যবহারযোগ্য কৃষি প্রযুক্তির ধরণ, কৃষি ও অকৃষি খাতে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা, সুন্দরবন সন্নিহিত এরাকার নারীদের স্বাস্থ্য ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারীর ক্ষমতায়ন পরিস্থিতি। কর্মশালায় নারী কৃষক, নারী উদ্যোক্তা, যুবনারী এবং মহিলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মীসহ ৪৫ জন নারী অংশ নেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় পরিবেশ উপপরিষদ সদস্য আফিফা তাজ রিমিন ইন্না এবং প্রোগ্রাম অফিসার পিন্টু কুমার মন্ডল, বাগেরহাট জেলা শাখার সংগঠন সম্পাদক হেনা চৌধুরী, অর্থ সম্পাদক নাদিরা আকরাম, আন্দোলন সম্পাদক সোনালী সোম, পরিবেশ সম্পাদক টুম্পা আক্তার মিম এবং অফিস এক্সিকিউটিভ ফারহানা পারভীন রেখা।
