বাগেরহাটে হাইকোর্টের আদেশ অমান্য করে স্থাপনা তৈরির অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে হাইকোর্টের দেওয়া স্থায়ী স্থিতি অবস্থার আদেশ অমান্য করে স্থাপনা তৈরির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কাজী আবুল হোসেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, তার পিতা কাজী আব্দুস সামাদ ১৯৮৩ সাল থেকে বাগেরহাট শহরের সরুই মৌজার ০.০২৭৫ একর জমি ডিসিআর মূলে ভোগদখল করে আসছিলেন। পিতার মৃত্যুর পর তিন ভাই ও দুই মাতা ওই জমির ওয়ারিশসূত্রে মালিক হন।

তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ খলিলুর রহমান ও মৃত আব্দুস সালামের পরিবার দীর্ঘদিন ধরে মামলার মাধ্যমে জমিটি দখল করার চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে ১৯৯২ সালে মামলা হলে ১৯৯৩ সালে তাদের বিপক্ষে ডিক্রি হয়। পরবর্তীতে আপিল ও সিভিল রিভিশনেও তারা পরাজিত হয়। সর্বশেষ হাইকোর্টে দায়ের করা রিভিশন মামলায় ২০২০ সালের ২৭ জানুয়ারি আদালত স্থায়ী স্থিতি অবস্থার আদেশ দেন।

কাজী আবুল হোসেন অভিযোগ করেন, বর্তমানে খলিলুর রহমান ও সালামের স্ত্রী স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আদালতের সেই আদেশ অমান্য করে স্থাপনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি আইনবিরোধী এবং আদালত অবমাননার শামিল বলে তিনি দাবি করেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো