মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বাবু, ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করাও সবার দায়িত্ব।
পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।