ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪১তম এজিএম অনুষ্ঠিত; ৬৪% নগদ লভ্যাংশ অনুমোদন
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’র ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মাদ আবদুজ জাহের, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজারসহ নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারি উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯টা ৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।
এজিএমে ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের আলোচনার পর সর্বসম্মতভাবে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।
২০২৪-২৫ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। সভায় স্পন্সর পরিচালক হিসেবে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পুনর্নির্বাচিত হন।
জাতীয় অর্থনীতিতে অবদান হিসেবে কোম্পানী ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত কর ও ভ্যাট বাবদ জাতীয় রাজস্ব কোষাগারে ২১৮,০৬,৬৬,৯৬৬ টাকা প্রদান করেছে। এছাড়া শ্রম আইনের বিধান অনুসারে মুনাফার ৫ শতাংশ অর্থাৎ ৪,৩৩,৫৮,৩৯১ টাকা শ্রমিক মুনাফা অংশীদারত্ব তহবিলে প্রদান করা হয়েছে।
পরিশেষে কোম্পানীর সমৃদ্ধি, শেয়ারহোল্ডার ও কর্মীদের মঙ্গল, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক উন্নতি কামনা করে দোয়ার মধ্য দিয়ে এজিএমের কার্যক্রম শেষ হয়।