শারীরিক সুস্থ্যতা ও খাদ্যাভ্যাস পরিবর্তন
মোহাম্মদ তাজুল ইসলাম
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা ও কিছু রুটিন আমল কেবল ধর্মীয় নয়, বরং শারীরিক ও মানসিক প্রশান্তিরও উৎস। ঘুম থেকে জাগা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নামাজ, জিকির ও ইতিবাচক মানসিক প্রস্তুতি—সবকিছুই এক সফল ও বরকতময় দিনের ভিত্তি গড়ে তোলে।
শারিরীক সুস্থতা আল্লাহর অশেষ নেয়ামত যার জন্য নিম্নের ৪টি কাজ নিয়মিত করার অভ্যাস গড়ে তুলুন:
১. খালি পেটে পানি পান: ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করুন। এক গ্লাস পানিতে চাইলে লেবু-মধু মিশিয়ে নিতে পারেন। খালি পেটে পানি পান করলে শরীর ডিহাইড্রেটেড হয় না এবং মেটাবলিজম বাড়ে। পেটের নানা সমস্যা এড়ানো যায়। শরীর সতেজ থাকে।
২. হালকা ব্যায়াম বা স্ট্রেচিং: ৫-১০ মিনিটের জন্য হালকা স্ট্রেচিং, যোগব্যায়াম বা কিছুক্ষণ হাঁটাচলা করুন। হালকা ব্যায়াম বা স্ট্রেচিং শরীর ও মনকে জাগিয়ে তোলে। রক্ত চলাচল বাড়ে এবং সারাদিনের জন্য এনার্জি পাওয়া যায়। অলসতা দূর করে।
৩. কিছুক্ষণ সূর্যের আলোয় থাকা বা মেডিটেশন: বেলকনি বা জানালা দিয়ে সূর্যের আলো দেখুন বা সূর্যের আলো শরীরে লাগিয়ে ৫ মিনিট মেডিটেশন করুন। সূর্যের আলো বা মেডিটেশন মনকে শান্ত করে। মানসিক চাপ কমিয়ে মানসিক প্রশান্তি আনে ও মনোযোগ বাড়ায়।
৪. পুষ্টিকর নাশতা: তাড়াহুড়ো করে সকালের নাশতায় বাইরের খাবার, পাউরুটি-বিস্কুট কিংবা চা-কফি না খেয়ে ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার সকালের নাশতায় রাখুন। সকালের নাশতার পর দুটি ফল খাওয়ারও অভ্যাস করুন। পুষ্টিকর নাশতা সারাদিনের শক্তি ও সুস্থতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৫. নড়াচড়া বাড়ান: এটা যদিও সরাসরি খাওয়া-দাওয়ার সঙ্গে যুক্ত নয়। তবে প্রতিদিন অন্তত: আধা ঘণ্টা হাঁটার কোনো বিকল্প নেই। এতে রক্তে শর্করার মাত্রা আর লেপটিন হরমোন নিয়ন্ত্রণে থাকে। ফলে আমাদের যতটুকু প্রয়োজন, এর বেশি খিদে পায় না। একটু হাঁটাহাঁটি করলে কেবল যে শরীরের পেশিগুলো ভালো থাকবে, এমনটাই নয়, বরং হরমোনও নিয়ন্ত্রণে থাকবে।
সুস্থ জীবনযাপনের জন্য খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি, যার মধ্যে প্রক্রিয়াজাত খাবার বর্জন, ঘরে রান্না করা পুষ্টিকর খাবার গ্রহণ, প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়া এবং চিনি/লবণ পরিহার করা অন্যতম। নিয়মিত নির্দিষ্ট সময়ে সুষম খাবার, পর্যাপ্ত পানি পান এবং প্রচুর পানি পান করা দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ও শারীরিক ফিটনেস বজায় রাখতে সাহায্য করে। ধূমপান ও মদ্যপানের বদভ্যাস (যদি কারো থাকে) পরিত্যাগ করে সুন্দর ও সুস্থ্য জীবনের নিশ্চয়তা লাভ করুন।